বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) নির্বাচনের জন্য নির্বাচন কমিশনার নিয়োগ করেছে এনএসসি। জাতীয় ক্রীড়া পরিষদ(এনএসসি) সূত্র জানা গেছে, বিসিবি নির্বাচন কমিশনের প্রধান করা হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমাদুল হক, এনডিসি, পিএসসিকে। এমাদুল হককে বিসিবির আসন্ন নির্বাচনে সহযোগিতা করবেন পরিচালক ক্রীড়া ও সহকারী পরিচালক ক্রীড়া। এনএসসির সূত্র জানায়, ‘বিকেএসপির মহাপরিচালককে বিসিবির নির্বাচন কমিশন প্রধান করে প্রজ্ঞাপন দেয়া হয়েছে। তাঁর সঙ্গে আরও দুজন থাকবেন। তাঁরা সহযোগী হিসেবে কাজ করবেন।’ জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার গতকাল এই নিয়োগ অনুমোদন করেছেন বলেও জানা গেছে। তবে নির্বাচনের জন্যে ক্লাবগুলো এবং জেলা-বিভাগের কাউন্সিলর চেয়ে চিঠি দেয়ার কাজ এখনো সম্পন্ন করেনি বিসিবি। ১৪ বা ১৫ সেপ্টেম্বর বিসিবি কাউন্সির চেয়ে চিঠি পাঠাবে বলে জানা গেছে। বিসিবি সূত্র জানা গেছে,‘অক্টোবরে নির্বাচন আয়োজনের বিষয়ে বিসিবি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। কাউন্সিলরশীপের ঝামেলা মিটে গেলে অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ চলাকালে নির্বাচন হতে পারে। সেটা না হলে সিরিজের পর নভেম্বরে নির্বাচন নিশ্চিত।’ তবে বিসিবির অক্টোবর ও নভেম্বরে নির্বাচন দেয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই বিসিবির সামনে। নভেম্বরের শেষ দিকে কিংবা ডিসেম্বরে বিপিএলের তৃতীয় আসরের নিলাম, ডিসেম্বরে মাঝামাঝিতে বিপিএল টুর্নামেন্ট। জানুয়ারির মধ্যভাগে এশিয়া কাপ। ফেব্রুয়ারিতে টি-২০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি। সেক্ষেত্রে এই সময়ে বিসিবি নির্বাচন না হলে এ্যাডহক কমিটির দায়িত্বে টি-২০ বিশ্বকাপ আয়োজন হবে এবং এরপর নির্বাচন করা যাবে।