বহু প্রতীক্ষিত প্রিমিয়ার লিগের পর্দা উঠছে আগামীকাল। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে। লিগের প্রথম দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে সিসিডিএম। উদ্বোধনী দিন বিকেএসপির দুই নম্বর মাঠে শিরোপাধারী ভিক্টোরিয়ার প্রতিপক্ষ কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি। গত মার্চ-এপ্রিলে লিগ শুরু হবার কথা থাকলেও সিসিডিএম ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলা শুরু করতে ব্যর্থ হয়। একাধিক তারিখ ঘোষণার পরও প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো নিয়ে একপ্রকার শঙ্কা দেখা দেয়। নিলামের মাধ্যমে দলবলের নিয়ম ‘প্লেয়ার বাই চয়েজ’পদ্ধতিতে দলবদল অনুষ্ঠিত হয় গত ২৫ আগস্ট। তবে খেলোয়াড়দের মোটেও পছন্দ হয়নি দলবদলের এই পদ্ধতি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সভাপতি জালাল ইউনুস বলেন,‘এবার লিগের অনেক কিছুই নতুন। নতুন পদ্ধতি এসেছে দলবদলে। বৃষ্টির কারণে একটু সমস্যা হচ্ছে, তবে প্রত্যেকটা মাঠে বাড়তি গ্রাউন্ডসম্যান ও কাভার দিয়ে আমরা নিজেদের প্রস্তুতি নিয়ে রেখেছি। সাথে ফিকশ্চারে একদিন করে রিজার্ভ ডে রেখেছি।’ গত মৌসুমের প্রিমিয়ার ক্রিকেট লিগের পুরষ্কার এখনো খেলোয়াড়রা বুঝে পাননি। এছাড়া চ্যাম্পিয়ণ ও রানারআপ দলের পুরষ্কারগুলো দেয়া হয়নি। এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন,‘২০০৮ সাল থেকে পুরস্কার দেয়া হয়নি। অ্যাওয়ার্ড নাইট করে সব বছরের পুরস্কারগুলো দেয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। আশা করছি এই মৌসুম শেষেই সকল পুরষ্কারগুলো দিয়ে দেয়া হবে।’ সুপার লিগ থেকে খেলা টিভিতে সরাসরি সম্প্রচার হতে পারে জানিয়ে জালাল বলেন, “ছয়টি টিভি চ্যানেলের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। দ্বিতীয় রাউন্ডের খেলা ঢাকায় চলে আসবে। আশা করছি তখন থেকেই খেলা সম্প্রচার করা যাবে।’