ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে কলাবাগান ক্রীড়া এ্যাকাডেমিকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোটিং ক্লাব। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডে মঙ্গলবার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হয় শক্তিশালী মোহামেডান স্পোটিং ক্লাব ও কলাবাগান ক্রিকেট এ্যাকাডেমি। টসে জয় লাভ করে কলাবাগান নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। জবাবে ৪.৩ ওভারে ৩২ রান সংগ্রহ করে মোহামেডান। এরপর বৃষ্টি কারণে প্রায় ১ ঘন্টা খেলা বন্ধ থাকে। বৃষ্টির পর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে মোহামেডানের লক্ষ্য দাঁড়ায় ৩৪ ওভারে ১১৯ রান। সে লক্ষ্যে ৫ উইকেট হারিয়ে মোহামেডান সহজ জয় নিশ্চিত করে। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করে শ্রীলংকান ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান। এছাড়া সামসুর রহমান ২৮, রাজিন সালেহ ১৫ ও ধীমান ঘোষ ১৩ রানের ইনিংস খেলেন। অতিথি খেলোয়াড় দিলশান ৫২ বলে ৪ চারে ৪৪ রানের ইনিংসটি সাজান। এর আগে সকালে কলাবাগানের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন অলরাউন্ডার শরীফুল্লাহ। ৩টি চার ও ২টি ছয় হাকান তিনি। এছাড়া অধিনায়ক মার্শাল আইয়ুব ২২ রান করেন। মোহামেডানের হয়ে মুরাদ খান নেন ৩ উইকেট। ম্যাচ সেরা দিলশান ও মুক্তার আলী ২টি করে উইকেট নেন। মোহামেডানের অধিনায়ক মাশরাফি ১টি উইকেট নেন। অন্যদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে কষ্টের জয় পেয়েছে মুশফিকুর রহিমের শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার শেখ জামাল ক্রিকেট কোচিং স্কুলকে ১ উইকেটে হারায়। লিগে শেখ জামালের এটি টানা দ্বিতীয় জয়। বিকেএসপির মাঠে ২৪৮ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ৪৬.৫ ওভারে ৯ উইকেটে ২৪১ রানে জয় নিশ্চিত হয় শেখ জামালের। ওপেনার জুনায়েদ সিদ্দকী ৪২, মুশফিকুর রহিম,৩৬,মোহাম্মাদ সাজিদ ৮৩, ইলিয়াস সানী ২০ রান সংগ্রহ করেন। ক্রিকেট কোচিংয়ের পক্ষে বসন্ত হাওয়াদার ও আসিফ আহম্মেদ তিনটি করে উইকেট নেন। এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে ক্রিকেট কোচিং। দলের পক্ষে ওপেনার উত্তম সরকার সর্বোচ্চ ৫৬, অমিত মজুমদার ৩০, জিহান রুপাসিংহে ৫০, নাজমুল মিলন ৩৩, নুরুল হাসান ৩৫ রান করেন। শেখ জামালের পক্ষে শরিফুল ইসলাম তিনটি এবং আব্দুর রাজ্জাক ও দিলশান মুনাওয়ারা দুটি করে উইকেট নেন।