স্পট ফিক্সিংয়ের জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ মোহাম্মদ আমেরকে প্রথম শ্রেনীর ক্রিকেটে ফেরাতে চায় পাকিস্তান ক্রি
কেট বোর্ড(পিসিবি)। ইংল্যান্ডে একটি টেষ্ট সিরিজে স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন আমের। হিসেব অনুযায়ী ২০১৬ সাল পর্যন্ত ক্রিকেট থেকে দুরে থাকবেন তিনি। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(এসিসি) সভা শেষে মঙ্গলবার পিসিবির প্রধান নির্বাহি সুবহান আহমেদ টাইমস অব ইন্ডিয়াকে বলেন, আগামী ঘরোয়া মৌসুমেই আমের যাতে খেলা শুরু করতে পারে সেজন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে(আইসিসি)অনুরোধ জানাবেন তারা। আহমেদ বলেন, ‘এ অপরাধ সংঘটিত হওয়ার সময় তার বয়স খুবই কম ছিল। আমের একজন খুব ভাল বোলার এবং তার কৃত কর্মের জন্য সে অনুতপ্ত।’ এমন ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত এটা তাদের জন্য ভুল সংকেত বহন করবে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইসিসির দুর্নিতী বিরোধি ইউনিটকে সে যথাসাধ্য সহযোগিতা করেছে। ছেলেটির মেধাকেও বিবেচনায় আনতে হবে। আগামী বছর যদি সে ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারে তাহলে নিষিদ্ধাদেশ উঠে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা তার জন্য সহজ হবে।’