টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের যাত্রাটা ভালো হয়নি বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মঙ্গলবার রাতে ৭৩ রানে পরাজিত হয় সাকিব-তামিমরা। আগের রাতের পরাজয়ের গ্লাণি নিয়ে বুধবার সকাল সকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির বাংলাদেশ দল। উদ্দেশ্য দুটি। প্রথমটি অনুশীলন। দ্বিতীয়টি ‘লাখো কন্ঠে জাতীয় সংগীত’ অনুষ্ঠানে যোগদান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। জাতীয় প্যারেড স্কোয়ারে সকাল ১১টায় পরিবেশিত হয় ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’। প্যারেড স্কোয়ারে যেতে না পারলেও মিরপুর স্টেডিয়াম থেকে সুর মিলিয়েছেন টাইগাররা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ক্লাব হাউজে দাঁড়িয়ে জাতীয় সংগীত গান ক্রিকেটাররা। এ সময় তাদের সাথে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল হাসান পাপন, প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন, ক্রিকেট বোর্ডের পরিচালকবৃন্দ, বিসিবির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। হারের বৃত্তে বাংলাদেশ ক্রিকেট দল। একের পর এক পরাজয়ের কালিমা মুশফিকরা নিজেদের গায়ে জড়িয়ে নিচ্ছেন। লাখো কণ্ঠের সঙ্গে গলা মিলিয়ে মুশফিকরাও সত্যিই উজ্জীবিত হতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।