পিএসজির হয়ে ফরাসি কাপের শেষ ষোলোতে স্ট্রাসবুর্গের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। পরে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যাই ডান পায়ের ফিফথ মেটাটারসাল ছিড়ে গিয়েছে নেইমারের। তারপর অস্ত্রোপচার করতে হয় নেইমারকে। এর ফলে চার সপ্তাহের জন্য চলে যাই মাঠের বাইরে। এই সময়ে পায়ের চোটে মাঠের বাইরে থাকা নেইমারকে ছাড়া পানামা ও চেক রিপাবলিকের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল জাতীয় দল। তবে ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকার শূন্যতা পূরণ করতে চান তরুণ ফরোয়ার্ড রিশার্লিসন।

ব্রাজিল দলে নেইমারের শূন্যতা অনুভবের বিষয়ে তরুণ ফরোয়ার্ড রিশার্লিসন বলেন, “আমি মনে করি, সত্যি নেইমারের অভাব অনুভূত হবে। সে একজন অসাধারণ খেলোয়াড়।”

“কিন্তু আমি প্রস্তুত। দলের সবাই নিজের দায়িত্বটা জানে। আমি মনে করি, যদি আমি মাঠে নামি, আমি নিজের সেরাটা দিব যাতে করে জাতীয় দল ম্যাচগুলো জিততে পারে। অবশ্যই, নেইমার কঠিন ম্যাচ সহজ করে তোলে। আমার মনে হয়, আমরা তার অভাব বোধ করব।”

সেই সাথে ব্রাজিলের হয়ে নিজের স্বপ্নের কথাও জানান রিশার্লিসন, “প্রথমবারের মতো জাতীয় দলে আমার পর আমার লক্ষ্য ছিল সর্বোচ্চ গোলদাতা হওয়া এবং সব ম্যাচে গোল তৈরি করে দেওয়া।”

“আমি সব সময় গোল করতে চাই। আর আমাকে জাতীয় দলে ডাকাই হয়েছিল কারণ আমি আমার ক্লাবের হয়ে অনেক গোল করছিলাম। গোল করার ধারাটা আমি বজায় রাখতে চাই। জাতীয় দলের হয়ে আমি অন্যতম সেরা গোলদাতা হতে চাই।”