আর অল্পকিছু দিন পরেই ইংল্যান্ডে বসবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এবং জমজমাট আসর ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সাবেক রথী-মহারথীরা নিজেদের ভবিষ্যৎবাণী দিচ্ছেন। অনেকেই আবার সরাসরি বলছেন কোন দল বিশ্বকাপে ভাল করার সম্ভাবনা বেশি। এই আসরের অন্যতম ফেভারিট দল কিংবা বিশ্বকাপের অন্যতম দাবিদার ভাবা হচ্ছে ভারতকে। তবে এমনটা মানতে নারাজ ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার এবং বর্তমান ভারতীয় ‘এ’ দলের কোচ রাহুল দ্রাবিড়।

এই ব্যাপারে রাহুল দ্রাবিড় সাংবাদিকদের বলেন, ‘দুই বছর ধরে দারুণ খেলছে ভারত। তাই দলটির খেলোয়াড়দের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে, বিশ্বকাপে যাবে—সহজেই জিতে যাবে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হারের পর এই বার্তাটা অন্তত এসেছে বিশ্বকাপে সাফল্য পাওয়া মোটেও সহজ হবে না।’

শুধু বিশ্বকাপ নয় রাহুল দ্রাবিড় কথা বলেছেন সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারা নিয়েও। তিনি বলেন, ‘ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের পর আমি একটুও অবাক হয়নি। তারপরও আমরা বিশ্বকাপে ফেভারিট। তবে আমাদের কঠ্নি লড়াই করতে হবে। প্রতিটি দল বিশ্বকাপে নিজেদের সেরাটা উজাড় করে দেবে, তাই লড়াইটা অনেক কঠিন।’