বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক কে? যে কোন ক্রিকেট প্রেমিকে এই প্রশ্ন করলে বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নামটিই বলবে। আর বলবেই না কেন দেশের ক্রিকেটের রাজসিক উত্থানের পেছনে এই মানুষটির অবধান যে অনেক। ওপর দিকে বাংলাদেশ দলের বর্তমান টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে বলা হয় বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সব থেকে কৌশলী অধিনায়ক। তাহলে এই দুই জনের মধ্যে সেরা অধিনায়ক কে? সম্প্রতি এই প্রশ্নের জবাবে বেশ খোলামেলা কথা বলেছে স্বয়ং বাংলাদেশ দলের হেড কোচ স্টিভ রোডস।

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রসঙ্গে স্টিভ রোডস বলেন, ‘মাশরাফি তার নিজ ভঙ্গিতে, একজন যোদ্ধার মত দলকে নেতৃত্ব দেয়। সে এমন একজন ব্যক্তিত্ব যাকে মানুষ শ্রদ্ধা করে। সে কাউকে এমন কিছু করতে বলে না যা সে নিজে করতে পারবে না। এটি একজন অধিনায়কের মহৎ গুণ। আমি তাকে কিছু ক্ষেত্রে সহায়তা করার চেষ্টা করি। চেষ্টা করে যাই, এবং আমাদের সম্পর্ক নিয়ে কাজ করি। এবং এটা বেশ ভালো কাজ করছে বলেই মনে হয়।’

অধিনায়ক সাকিব আল হাসানের প্রসঙ্গে স্টিভ রোডস বলেন, ‘অন্য দুই ফরম্যাটে অধিনায়ক সাকিব। তারা ভিন্ন ধাঁচের দুই অধিনায়ক। প্রতিপক্ষের বিপক্ষে যথেষ্ট ধারণা রেখে কৌশলী একজন অধিনায়ক সাকিব, এবং সে জানে ঠিক সময়ে কোন কাজটি করতে হবে।’

একই দলে দুই অধিনায়কের সঙ্গে কাজ করতে কোন রকম অসুবিধা হয় কিনা এই প্রশ্নের জবাবে স্টিভ রোডস বলেন, ‘দুজন ভিন্ন ধরনের অধিনায়ক বলে তাদের সাথে কাজ করতে গিয়ে আসলে আমাকে ভিন্নভাবে কাজ করতে হয়। পরিস্থিতির মধ্যে সেরাটাই করতে হয়; আমাদের সম্পর্কের উপর ভিত্তি করে, দেশের ক্রিকেটের জন্য। আমার কাজ হুকুম করা নয়, আমার কাজ নিশ্চিত করা— যে গাড়িটি চলছে তা ঠিক পথেই আছে।’