এবারের বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। আজকের ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় বিকাল ৩.৩০ মিনিটে টনটনে শুরু হবে ম্যাচটি। সম্প্রতি সময়ে ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশ দলের রেকর্ড বেশ ভাল। ক্যারিবীয়দের বিপক্ষে শেষ নয় ম্যাচের সাতটিতেই জিতেছে মাশরাফিরা। আজকের ম্যাচেও কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের জয়ের ধারাবাহিকতা বজায় থাকবে?

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে অতীত রেকর্ড নিয়ে খুব একটা চিন্তিত না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি মনে করেন প্রতিটা ম্যাচই নতুন ম্যাচ তাই অতীত রেকর্ড এই ম্যাচে খুব একটা কাজে আসবে না। এ সম্পর্কে তিনি বলেন, ‘এই ধরনের টুর্নামেন্টে প্রতিদিন ভিন্ন ভিন্ন দলের সঙ্গে খেলতে হচ্ছে। তাই মাইন্ড সেটআপ থাকে না সব সময়। তবে ওয়েস্ট ইন্ডিজ খুবই শক্ত প্রতিপক্ষ। তাদের দিনে যেকোনো কিছুই করতে পারে দলটি। আমাদের সেটা খেয়াল রাখতে হবে। আমাদের সতর্ক থাকতে হবে। তাই আগে নয় ম্যাচের সাতটা জিতেছিলাম বলে এবারও জিতব সেটা বলা যাবে না।’

ওয়েস্ট ইন্ডিজ এমন একটা দল যারা কিনা যেকোনো সময় বিধ্বংসী হয়ে প্রতিপক্ষকে লণ্ডভণ্ড করে দিতে পারে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে বাংলাদেশ দলকে মনে করেন অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘তাদের ব্যাটিংয়ের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেন আগে উইকেট নিতে পারি। আর বিধ্বংসী কিছু যেন করতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে।’