আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় কাম্প নউয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আগ্রাসী ফুটবল খেলার লক্ষ্যের কথা জানিয়েছে বার্সেলোনার তারকা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ড থেকে ১-০ গোলে জয় নিয়ে ফিরেছিল বার্সেলোনা। প্রথম লেগে জয় পাওয়া এবং আজকের ম্যাচ নিয়ে টের স্টেগেন বলেন, “আমরা খুব বড় ব্যবধানে এগিয়ে নেই। আমরা শুধু এগিয়ে থাকাটা ধরে রাখতে চাই না বরং দেখাতে চাই যে আমরাই সেরা। আমাদের ভালো একটা ম্যাচ খেলা দরকার। আমরা দেখাতে চাই যে আমরা ইউনাইটেডের চেয়ে ভালো এবং সেজন্য আমাদের তাদেরকে হারাতে হবে।”

প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে বার্সেলোনার অন্যতম প্রধান লক্ষ নিজেদের জাল অক্ষত রেখে তাদের ওপর চড়াও হওয়া। এই বিষয়ে টের স্টেগেন বলেন, “অবশ্যই নিজেদের জাল অক্ষত রাখাটা গুরুত্বপূর্ণ। সব সময়ের মতো আমাদের অনেক দাপটের সঙ্গে খেলতে হবে এবং তাদের উপর আধিপত্য বিস্তার করতে হবে।”